
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ৫লক্ষাধিক লোকের চিকিৎসার একমাত্য মাধ্যম। গুরুত্বপূর্ণ চিকিৎসকের পদ থেকে শুরু করে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী পর্যন্ত প্রায় প্রতিটি বিভাগেই রয়েছে লোকবলের ঘাটতি। এতে উপজেলার কয়েক লক্ষাধিক সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সম্প্রতি প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল কাঠামোতে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অফিস সহায়কের মতো গুরুত্বপূর্ণ পদগুলোর অর্ধেকের বেশি শূন্য রয়েছে। চিকিৎসা সেবার মেরুদণ্ড হিসেবে পরিচিত বিশেষজ্ঞ চিকিৎসকদের পদগুলো প্রায় ফাঁকা পড়ে আছে।
জুনিয়র কনসালটেন্ট (সার্জারি, মেডিসিন, গাইনি, কার্ডিওলজি, অ্যানেস্থেসিয়া, ইএনটি, চক্ষু, শিশু, চর্ম ও যৌনসহ) বিভিন্ন বিষয়ের চিকিৎসকদের অনেক পদই বর্তমানে শূন্য। এছাড়া ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদ শূন্য থাকায় জরুরি সেবা প্রদান করাও কঠিন হয়ে পড়ছে।
হাসপাতালটির মাঠ পর্যায়ে জনবল সংকটের চিত্র আরও ভয়াবহ। এছাড়া ‘সহকারী সার্জন (এফডব্লিউসি)’ এবং বিভিন্ন সাব-সেন্টারের টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদের শূন্যতা রোগীদের জন্য ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অফিস সহায়ক, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মীর পদগুলোতেও ঘাটতি রয়েছে , যা পুরো হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কষ্টসাধ্য করে তুলেছে।
‘স্বাস্থ্য সহকারী’ পদের ৮৯টি পদের মধ্যে ৫২টি পদ-ই শূন্য।
ডাক্তার ও পর্যাপ্ত জনবলের অভাবে অনেক সময় সাধারণ রোগীরাও উন্নত চিকিৎসার আশায় জেলা সদর বা কুমিল্লা-ঢাকামুখী হতে বাধ্য হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান, জনবল সংকটের কারণে বিদ্যমান স্টাফদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, ফলে গুণগত মান নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
জরুরি বিভাগে রাতে যে ডাক্তার দায়িত্বপালন করেন নিয়ম অনুয়ায়ী তিনি পরের দিন ছুটিতে থাকার কথা থাকলেও অনেক সময় তা সম্ভব হয়না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, সারাদেশেই চিকিৎসকের সংকট রয়েছে।
এবার আমাদের প্রধানমন্ত্রীর জীবন সঙ্গী চিকিৎসক।
চিকিৎসা খাতে জনসাধারণ ও চিকিৎসকদের দু:খ কষ্ট লাগবে তিনি অবদান রাখবেন। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় শূণ্যপদের তালিকা নিয়েছেন আশাকরি তিনিও ভূমিকা রাখবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই করুণ দশা থেকে উত্তরণে অবিলম্বে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে চিকিৎসা সেবার এই নাজুক পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
