
ফরিদগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব মোঃ মেহেদী হাসান মানিক।
অনুষ্ঠানে পৌর পরিষদের সদস্যবৃন্দ, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) পরামর্শক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পৌর এলাকার নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল “আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!” (Our Hands, Our Future!)। প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং সংক্রামক রোগ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ফরিদগঞ্জ পৌরসভা এ কর্মসূচির আয়োজন করে।
